গ্রামের প্রভাবশালী পরিবারের মেয়ে আইরিন

TMNews24
যশোরের মেয়ে আইরিন সুলতানা। বাংলাদেশের র‍্যাম্প মডেলিং জগতে এক পরিচিত নাম। তবে বর্তমানে অধিক পরিচিত ঢাকাই চলচ্চিত্রের গ্লামারাস চিত্রনায়িকা হিসেবে। ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পা রাখা আইরিনকে এবার দেখা যাবে ষাটের দশকের পটভূমিতে নির্মিত ছবিতে। আর সেখানে তিনি গ্রামের প্রভাবশালী পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

আইরিনের এই নতুন ছবির নাম ‘পদ্মার প্রেম’। বিপরীতে আছেন সুদর্শন নায়ক সুমিত। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ এপ্রিল ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। ‘পদ্মার প্রেম’ ছবিটি পরিচালনা করবেন হারুন-উজ-জামান।

জানা গেছে, ছবিটির প্রথম লটের শুটিং হবে মানিকগঞ্জে। ছবিতে ষাটের দশকের চিত্র পর্দায় তুলে ধরা হবে। মূল গল্পটি পদ্মার পাড় ঘেঁষে যাওয়া একটি গ্রামের মানুষের জীবন নিয়ে।

এ প্রসঙ্গে আইরিন বলেন, এ ধরনের চরিত্র দর্শকরা প্রথমবার আমাকে দেখবেন। গল্পটি আমার নিজেরও ভীষণ ভালো লেগেছে।

‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় আইরিনের। ২০১৩ সালের ৮ নভেম্বর মুক্তি পেয়ে ছবিটি বক্স অফিসে সাড়া ফেলে। তারপর ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবিনী’সহ বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে তার। আরও কয়েকটি ছবির কাজ শেষের পথে রয়েছে। আইরিন সুলতানা ২০০৮ সালের ‘প্যান্টেনা ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় ‘সেরা হাসি’ পুরস্কার অর্জনের পর শোবিজে যাত্রা শুরু করেন। তিনি দেশে-বিদেশে র‌্যাম্প শোতে অংশ নিয়ে প্রশংসিত হন।